Views Bangladesh Logo

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের (এমপি) তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হাতে পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা তফসিল এখনো নির্ধারণ হয়নি। সংসদ সচিবালয়ের কাছ থেকে ভোটার তালিকা পাওয়ার পর কমিশন এ বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

গত ২৪ জুলাই ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হলেও এখনো সুপারিশ চূড়ান্ত হয়নি। কীভাবে সংশোধনের আবেদন যাচাই করা হবে, সে বিষয়ে বিস্তারিত নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

তিনি বলেন, অনেক আবেদনেই বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। উদাহরণ হিসেবে তিনি জানান, একজন আবেদনকারী জন্মতারিখ এমনভাবে সংশোধনের আবেদন করেছেন, যাতে হিসাব অনুযায়ী তিনি সাত বছর বয়সেই ভোটার হয়ে যান, যা গ্রহণযোগ্য নয়।

আখতার আহমেদ আরও বলেন, জাতীয় পরিচয়পত্র একটি জাতীয় পরিচয় দলিল, আর পাসপোর্ট একটি ভ্রমণ দলিল। জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্যের ওপর ভিত্তি করেই এনআইডির তথ্য যাচাই করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ