Views Bangladesh Logo

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারবেন না কর্নেল (অব.) অলি আহমদ

প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে আজ। তবে নির্বাচনের দুই প্রার্থীর একজন হয়েও ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। তিনি সংসদ সদস্য না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় তাঁর নাম নেই। ফলে জাতীয় সংসদের সংসদকক্ষে অনুষ্ঠেয় ভোট গ্রহণেও তাঁর প্রবেশের সুযোগ নেই।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট নেওয়া হবে। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন অলি আহমদ। ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছর প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। এরপর সাতটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজন হয়নি।

এবার ভোটার তালিকায় রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় সংসদের মোট সদস্যসংখ্যা ৩৪৯ জন। রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হতে কোনো প্রার্থীকে নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতার অর্থাৎ ১৭৫ ভোট পেতে হবে। বর্তমান সংসদে বিএনপির সদস্যসংখ্যা ২৪৭ জন। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য রয়েছেন ৯০ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোট দেবেন কেবল সংসদ সদস্যরাই। প্রত্যেক সদস্যের কাছে ব্যালট পেপার হস্তান্তরের আগে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। এরপর ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত জায়গায় স্বাক্ষর করে তা নির্দিষ্ট ব্যালট বাক্সে জমা দিতে হবে। ভোট শেষ হওয়ার পরই গণনা শুরু হবে এবং ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

অলি আহমদ ভোট দিতে না পারলেও বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিজের ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় নাম থাকার মূল শর্তই হলো সংসদ সদস্য হওয়া। সে কারণে প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোটারও নন।

এদিকে, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হলেও কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে আজকের ভোটের মধ্য দিয়ে প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হতে যাচ্ছে। ভোট শেষে ফলাফল অনুযায়ী গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ