জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পৃথকভাবে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ফুল দেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
শ্রদ্ধা নিবেদনের সময় সমাধি এলাকা ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা সেখানে দায়িত্ব পালন করেন।
এদিকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আজ সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠান ঘিরে মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বঙ্গভবনে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের পর আজ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি।
মতামত দিন