সিলেটে হজরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
এক দিনের সফরে সিলেটে গিয়ে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৃথক সময়ে দুই মাজারে গিয়ে তিনি দেশ ও জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সরকারের কয়েকজন মন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সরাসরি সিলেট সার্কিট হাউজে যান। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
এরপর বেলা ১টা ২৫ মিনিটে রাষ্ট্রপতি হজরত শাহপরান (রহ.)-এর মাজারে যান। সেখানে জিয়ারত ও মোনাজাতের পাশাপাশি মাজার মসজিদে যোহরের নামাজ আদায় করেন তিনি। উভয় মাজারেই রাষ্ট্রপতি দেশের শান্তি, জনগণের কল্যাণ এবং সামগ্রিক উন্নতি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরী ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিমানবন্দর থেকে সার্কিট হাউজ পর্যন্ত বিভিন্ন সড়কের পাশে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি আবার সিলেট সার্কিট হাউজে ফিরে যান। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নগর ভবন প্রাঙ্গণের নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে।
পরে রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন তিনি। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। সফরে তাঁর সহধর্মিনী রাহাত আরা বেগমও রয়েছেন।
মতামত দিন