Views Bangladesh Logo

আলোচনা ও সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাজনীতিতে হানাহানি ও সংঘাত পরিহার করে আলাপ-আলোচনা এবং সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে আর রক্তপাত নয়, শান্তি ও সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রাজনৈতিক দলগুলোর প্রতি এ আহ্বান জানান রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি ছিল তাঁর প্রথম সফর।

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে তিনি কোনো সংঘাত বা সংঘর্ষ দেখতে চান না। মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ না রেখে সবাইকে বাংলাদেশি হিসেবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। মানুষের কল্যাণে যারা আন্তরিকভাবে কাজ করবেন, তাঁদের পাশে থাকার কথাও জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, হানাহানি ও সংঘর্ষের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্যের সমাধান করতে হবে। গণতন্ত্রকে টেকসই করতে সহনশীলতা ও পারস্পরিক সমঝোতার বিকল্প নেই।

তরুণদেরও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, শুধু চাকরি বা ঠিকাদারির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ