Views Bangladesh Logo

ডিসিদের জনগণের সেবায় নিবেদিত থাকার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলা প্রশাসকদের (ডিসি) জনগণের সেবায় আরও বেশি নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মাঠ প্রশাসনের কর্মকর্তারা সরকারের প্রতিনিধি হলেও সর্বোপরি তারা জনগণের সেবক—এ বিষয়টি সবসময় মনে রাখতে হবে।

রোববার (৩ মে) সন্ধ্যায় বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, তাদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস।

একই সঙ্গে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-সহ জাতীয় নেতৃবৃন্দের অবদানও স্মরণ করেন।

তিনি বলেন, জেলা প্রশাসক সম্মেলন সরকারের নীতিনির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। মাঠপর্যায়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সৃষ্টি হয়।

বর্তমান প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন গড়ে তুলে জনগণের আস্থা অর্জন করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

ডিসিদের সাধারণ মানুষের অভিযোগ শুনে দ্রুত সমাধান দেওয়ার নির্দেশ দিয়ে রাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সহজ, দ্রুত ও মানসম্মত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

তিনি বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সংকট মোকাবিলা, বাজার মনিটরিং জোরদার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং অপচয় রোধের নির্দেশ দেন।

রাষ্ট্রপতি আরও বলেন, গুজব, অপতথ্য ও অনলাইন অপরাধ দমনে প্রশাসনকে সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ, নারী ও শিশু সুরক্ষা, যুবসমাজের দক্ষতা উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

তিনি প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ