রোববার দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী রোববার (৬ সেপ্টেম্বর) তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
দুই দিনের এই সফরের প্রথম দিন একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি। পরদিন সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার।
সফরকালে রাষ্ট্রপতি বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়েও অংশ নেবেন তিনি। সফর শেষে আগামী ৭ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। তার সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই জেলা শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর পাশাপাশি তাকে একনজর দেখার আগ্রহও তৈরি হয়েছে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বাসসকে বলেন, রাষ্ট্রপতি নিজ জেলায় আসছেন—এ খবর ছড়িয়ে পড়ার পর তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। রাষ্ট্রপতিকে কাছ থেকে দেখার জন্য স্থানীয়রা অপেক্ষা করছেন।
এদিকে রাষ্ট্রপতির সফর উপলক্ষে শহরের সৌন্দর্যবর্ধনের কাজও চলছে। প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার পাশাপাশি স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সূত্র: বাসস
মতামত দিন