Views Bangladesh Logo

রাষ্ট্রপতি সিলেটে যাচ্ছেন মঙ্গলবার, দেওয়া হবে নাগরিক সংবর্ধনা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ৯ ঘণ্টার সফরে সিলেট যাচ্ছেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম সিলেট সফর।

সফরে রাষ্ট্রপতি সিলেটের দুই ওলির মাজার জিয়ারত করবেন। এছাড়া তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরজুড়ে প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। একই সঙ্গে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

রাষ্ট্রপতির কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা সোয়া ১১টায় বিমানযোগে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখান থেকে তিনি সরাসরি সিলেট সার্কিট হাউসে যাবেন এবং কিছু সময় বিশ্রাম নেবেন।

পরে দুপুর সাড়ে ১২টায় হজরত শাহজালাল (রহ.) এবং বেলা ১টা ২৫ মিনিটে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।

এরপর সিলেট সার্কিট হাউসে ফিরে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল সাড়ে ৩টায় নগর ভবন প্রাঙ্গণে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। সংবর্ধনা শেষে রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন তিনি।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নগরের বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ, আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়েছে। সফরের স্থান, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে সমন্বয় সভা করে সার্বিক প্রস্তুতি নিয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নাগরিক সংবর্ধনার আয়োজন প্রসঙ্গে সিসিকের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী জানান, সংবর্ধনাস্থলে প্রায় ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি বক্তব্য দেবেন। রাষ্ট্রপতির বক্তব্যের পর থাকবে সাংস্কৃতিক আয়োজন।

তিনি বলেন, নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও পুরো অনুষ্ঠানটি অরাজনৈতিক রাখা হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ