Views Bangladesh Logo

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। তিনি বলেছেন, প্রয়োজন হলে আগামীকাল বা পরশুও শপথ আয়োজনের প্রস্তুতি রয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সংবিধান অনুযায়ী বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানের সার্বিক আয়োজন করবে মন্ত্রিপরিষদ বিভাগ, তবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বঙ্গভবনে। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন মো. সাহাবুদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রায় দুই দশক পর দলটি ক্ষমতায় ফিরছে। দলের ঘোষণামতে, সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

নির্বাচনের ফল ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এছাড়া শরিক দলগুলো পেয়েছে আরও তিনটি আসন। ফলে বিএনপি ও তাদের মিত্রদের মোট আসন দাঁড়িয়েছে ২১২টি।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং দলটির নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শরিকরা পেয়েছে ৯টি আসন। এতে জামায়াত ও তাদের মিত্রদের মোট আসন সংখ্যা হয়েছে ৭৭।

এরই মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রথমে সংসদ সদস্যদের শপথ, এরপর সংসদ নেতা নির্বাচনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পরে সুবিধাজনক সময়ে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি রয়েছে বলেও তিনি জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ