কাল মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, বিকেল ৪টায় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর শনিবার থেকে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়।
দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। বঙ্গভবন সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ সচিব অনুষ্ঠানটি পরিচালনা করবেন।
নিয়ম অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে দলীয় নেতা নির্বাচন করা হবে। এরপর নির্বাচিত নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সংসদে দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কথা জানিয়ে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আবেদন করবেন।
রাষ্ট্রপতি সংসদ নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। প্রধানমন্ত্রী পরবর্তীতে মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করবেন। রাষ্ট্রপ্রধান হিসেবে মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীকে এবং পরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করতে হয়।
শুক্রবার রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে। এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে