Views Bangladesh Logo

গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি: বঙ্গভবন

‘গুরুতর স্বাস্থ্যগত জটিলতা’র কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিকেল ৫টা ১ মিনিটে স্পিকার পদত্যাগপত্রটি গ্রহণ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকারের উদ্দেশে লেখা পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন যে, তিনি গুরুতর অসুস্থ। তিনি হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদ্‌যন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি রোগ ধরা পড়েছে।

রাষ্ট্রপতি পদত্যাগপত্রে লিখেছেন, এ রোগের কারণে তিনি মাঝেমধ্যে ক্ষণিকের জন্য অচেতন হয়ে যান। বিভিন্ন রোগের কারণে সৃষ্ট শারীরিক ও মানসিক অসামর্থ্যের ফলে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন।

বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর পদত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে প্রায় তিন বছর তিন মাসের দায়িত্বের ইতি ঘটল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ