শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে নিহত সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ১০টায় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় বনানী সামরিক কবরস্থান-এ শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর প্রধানমন্ত্রী শহীদ সেনাসদস্যদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বাজানো হয় শোকের সুর।
অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে