জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের পর এটিই প্রথম ঈদুল ফিতর, যা বিশেষ তাৎপর্য বহন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের সম্মতি দেওয়ায় সাধারণ মুসল্লিরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে একই জামাতে নামাজ আদায়ের সুযোগ পাবেন।
দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সরকারের নির্দেশনায় এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে। নৌ, রেল ও সড়কপথে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন।
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম জানান, ঈদগাহ ময়দানে ৩ হাজার ৫০০ নারীসহ মোট প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অজু ও নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত অজুখানা ও মেডিক্যাল টিমের সুবিধাও রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে প্রবেশের সময় গেট সীমিত রাখা হবে, তবে নামাজ শেষে দ্রুত বের হওয়ার জন্য সব গেট খুলে দেওয়া হবে।
আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই ঈদগাহে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। পাশাপাশি আয়োজন সফল করতে নগরবাসী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে