রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন কত, কী কী সুবিধা পাবেন
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন সরকার গঠনকে ঘিরে রাষ্ট্রের সর্বোচ্চ পদধারীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। চলুন জেনে নেই কে কোন সুবিধা পাবেন...
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন
সরকারি কাঠামো অনুযায়ী দেশের সর্বোচ্চ বেতন পান রাষ্ট্রপতি। তিনি মাসিক মূল বেতন হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা পান। প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরকারি দায়িত্ব-সংক্রান্ত যাবতীয় ব্যয় রাষ্ট্র বহন করে।
প্রধানমন্ত্রী মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া বাবদ মাসে ১ লাখ টাকা পান, তবে সরকারি বাসভবনে থাকলে এ ভাতা প্রযোজ্য নয়। এছাড়া তিনি দৈনিক ৩ হাজার টাকা ভাতা, বিমান ভ্রমণের জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ এবং দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল সুবিধা পান।
অন্যান্য উচ্চপদস্থদের বেতন
জাতীয় সংসদের স্পিকার মাসিক ১ লাখ ১২ হাজার টাকা বেতন পান। প্রধান বিচারপতির মাসিক বেতন ১ লাখ ১০ হাজার টাকা। মন্ত্রীরা মাসে ১ লাখ ৫ হাজার টাকা এবং প্রতিমন্ত্রীরা ৯২ হাজার টাকা বেতন পান। ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও বিরোধী দলীয় নেতাও একই পরিমাণ বেতন পান। উপমন্ত্রীদের মাসিক বেতন ৮৬ হাজার ৫০০ টাকা।
সংসদ সদস্যদের বেতন-ভাতা
সংসদ সদস্যদের মাসিক বেতন ৫৫ হাজার টাকা। এর বাইরে তারা আপ্যায়ন, চিকিৎসা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বিলসহ বিভিন্ন খাতে ভাতা পান এবং বিমা সুবিধার আওতায় থাকেন।
মন্ত্রীদের অতিরিক্ত সুবিধা
দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি খরচে পরিবহন পুল থেকে একটি করে গাড়ি সুবিধা পান। জ্বালানি বাবদ তারা দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পান। দেশের ভেতরে সফরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দৈনিক ২ হাজার টাকা এবং উপমন্ত্রীরা দেড় হাজার টাকা ভাতা পান।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, একজন সহকারী একান্ত সচিব এবং নিজ পছন্দের একজন সহকারী একান্ত সচিব নিয়োগের সুযোগ পান। এছাড়া দুইজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদালি, দুইজন অফিস সহায়ক ও একজন পাচক সুবিধা পান। পাশাপাশি তারা সরকারি ব্যবস্থাপনায় মুঠোফোন সুবিধাও ভোগ করেন।
নির্বাচন-পরবর্তী এই সময়ে রাষ্ট্রীয় পদধারীদের বেতন-ভাতা ও সুবিধাদি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে