Views Bangladesh Logo

যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির

দেশের বিভিন্ন স্থানে যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব প্রতিষ্ঠানকে যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে সংগঠনটির ২০ সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

সাক্ষাৎকালে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। এ বিষয়ে চিকিৎসক নেতৃবৃন্দকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট পরিকল্পনা এবং প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাতের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে দেশ পৌঁছাতে পারেনি। কতজন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট প্রয়োজন, কী পরিমাণ চিকিৎসা সরঞ্জাম লাগবে এবং কী ধরনের অবকাঠামো দরকার—এসব বিষয়ে একটি সমন্বিত পরিকল্পনার ঘাটতি ছিল।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে এ যাবৎকালের সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতে একটি কার্যকর ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন চিকিৎসক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে পদোন্নতি ও পদায়নে অতীতের তদবিরের সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিদের উপযুক্ত পদে দায়িত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। চিকিৎসকদের গবেষণা কার্যক্রমেও আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জুলাই অভ্যুত্থান এবং বিগত সরকারের আমলে অত্যাচার-নির্যাতনে আহত নেতাকর্মীদের চিকিৎসায় সহযোগিতার জন্য চিকিৎসকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি। নিজের চিকিৎসার ক্ষেত্রেও চিকিৎসকদের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি বলেন, এ ধরনের ঘটনায় চিকিৎসকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। চিকিৎসকদের ওপর হামলা বন্ধে সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ