Views Bangladesh Logo

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

সোমবার (২৯ জুন) দেওয়া এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের চিত্রকলা, পাপেট শিল্প, নাটক এবং শিশুতোষ অনুষ্ঠান নির্মাণের অন্যতম প্রধান পথিকৃৎ ছিলেন মুস্তাফা মনোয়ার। তার মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশীয় শিল্প-সংস্কৃতির বিকাশ, শিশুদের জন্য সুস্থ বিনোদন এবং সৃজনশীল চর্চার প্রসারে মুস্তাফা মনোয়ারের অবদান অনন্য। তার কর্ম ও সৃজনশীলতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং জাতি তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এর আগে সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মুস্তাফা মনোয়ার। নিউমোনিয়াজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং পরে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। কয়েক দিন আগে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে আবার অবনতি ঘটে। তার স্ত্রী মেরী মনোয়ার জানিয়েছিলেন, ফুসফুসে গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, পাপেট শিল্প, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন এবং সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখে তিনি দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্বে পরিণত হন। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সহকর্মী, শিল্পী, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ