Views Bangladesh Logo

চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (৯ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গভবনের প্রেস উইং।

জানা গেছে, সকাল ৭টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিজি-২০১ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির এই সফরে তার পরিবারের সদস্যবৃন্দ, ব্যক্তিগত চিকিৎসক, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সঙ্গে রয়েছেন। উল্লেখ্য, গত বছরের (২০২৩) অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে সার্জারি পরবর্তী ফলো-আপ পরীক্ষা সম্পন্ন করবেন তিনি।

সবকিছু ঠিক থাকলে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ