Views Bangladesh Logo

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, উপ-নির্বাচন হবে

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনটিকে শূন্য ঘোষণা করা হয়েছে। আসনটি খালি হওয়ায় সংবিধান অনুযায়ী সেখানে শীঘ্রই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-২ (লেজিসলেটিভ সাপোর্ট উইং)-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৩ ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ সংসদের এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হলো।

জারিকৃত এই প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শূন্য আসনে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত অনুলিপি পাঠানো হয়েছে।

এছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রজ্ঞাপনের কপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ