Views Bangladesh Logo

রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের বার্তা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ রবিবার দুপুরে অনুষ্ঠিত এই সাক্ষাতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের পক্ষ থেকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি সুবিধাজনক সময়ে চীনে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণও জানান রাষ্ট্রদূত। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের বিভিন্ন অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এর মধ্যে রয়েছে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, মোংলা বন্দর আধুনিকায়নে বাণিজ্যিক চুক্তি সই এবং মোংলা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) প্রতিষ্ঠার সম্ভাব্য সহযোগিতা। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, অন্তত ৩০টি চীনা কোম্পানি বাংলাদেশে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে, যা প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়া তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপ এবং প্রতিমন্ত্রী পর্যায়ের 'টু প্লাস টু' কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ চালুর বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

আলোচনায় আরও উঠে আসে বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল, আম ও পেয়ারা রপ্তানি শুরু, সৌরশক্তি ও বৈদ্যুতিক যানবাহন সংযোজন কারখানা স্থাপন, চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডর এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় দ্বিপক্ষীয় সহযোগিতার প্রসঙ্গ। এ সময় মন্ত্রী থাকাকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চীন সফরের কথাও বিশেষভাবে স্মরণ করেন রাষ্ট্রদূত। উভয় পক্ষ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ