জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ায় সন্তোষ ও গর্ব প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার দেওয়া এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য বর্তমান সরকার, নির্বাচিত প্রার্থী ড. খলিলুর রহমান, দেশের কূটনীতিক এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বার্তায় তিনি বলেন, এই সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা, গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের সক্ষমতার স্বীকৃতি। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রতি আস্থা ও সমর্থন জানানো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ এই পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, এ অর্জন দেশের কূটনৈতিক সাফল্যের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

মতামত দিন