Views Bangladesh Logo

সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে চলা আলোচনা প্রসঙ্গে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলার নেই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি বাস্তবে ঘটে, তখন আমরাও জানতে পারব।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান, সে ক্ষেত্রে সংবিধানে তার সুযোগ রয়েছে। সাংবিধানিক বিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। তবে, পদত্যাগের বিষয়ে আমার কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও কিছু বলার নেই। রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে আগ্রহী কি না, সে বিষয়ে জানতে হলে রাষ্ট্রপতির কাছেই প্রশ্ন করতে হবে।


সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে জল্পনা অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই আলোচনা সামনে এসেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চাপে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দেশত্যাগ করেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর তার কিছুদিন পর ৮ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। সেই সময় এনসিপি ও জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে সোচ্চার হয়েছিল, এমনকি তার বাসভবন বঙ্গভবনের সামনে বিক্ষোভ পর্যন্ত হয়েছিল।

তবে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, এই আশঙ্কা থেকে বিএনপি তখন রাষ্ট্রপতির পদত্যাগের দাবির সঙ্গে একমত হয়নি। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সংসদ ভবনের সামনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি নিজেই। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনেও তিনি বক্তব্য দিয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ