Views Bangladesh Logo

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশে থাকা বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করারও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ন্যায়বিচার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। অর্থ, শ্রম ও মেধা দিয়ে দেশের জন্য ভূমিকা রাখায় তাদের প্রশংসা করে তিনি বলেন, দেশ ও জাতি প্রবাসীদের এই অবদান সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা বিমানবন্দরে হয়রানি, ভোটাধিকারসহ ব্যবসায়িক ও নাগরিক বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীদের সুযোগ-সুবিধা বাড়াতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। তাদের বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

প্রবাসীদের পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করতে প্রবাসী কার্ড চালু করা হয়েছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রবাসীদের কল্যাণকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। ভবিষ্যতে তাদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা দেশের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তাই বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান। দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ