Views Bangladesh Logo

রাষ্ট্রপতির সঙ্গে বিটিএমএ নেতাদের সাক্ষাৎ, বস্ত্র খাতের সমস্যা সমাধানের আশ্বাস

বন্ড সুবিধায় কটন সুতা আমদানির সিদ্ধান্ত বহাল, শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন দেশের টেক্সটাইল শিল্প মালিকরা। এসব দাবি ও শিল্প খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে টেক্সটাইল শিল্পের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বিদ্যমান সংকট নিরসনে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে সংগঠনের সহসভাপতি ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, শফিকুল ইসলাম সরকার, সাবেক সভাপতি আব্দুল হাই সরকারসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন, জনপ্রশাসন বিভাগের সচিব এজেএম সালাহউদ্দিন নাগরী ও প্রেস সচিব সরওয়ার আলমও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের অর্থনীতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। নতুন গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণের ফলে অর্থনীতির বিভিন্ন খাত পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে টেক্সটাইল খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি।

বৈঠকে জ্বালানি সংকটকে শিল্প খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশের নিজস্ব গ্যাস ও জ্বালানি অনুসন্ধান এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অতীতে প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি ছিল। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোও জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলা করছে।

এ পরিস্থিতিতে জ্বালানি সমস্যা সমাধানে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বাস্তবভিত্তিক ও সমন্বিত নীতিসহায়তা প্রয়োজন বলেও মত দেন রাষ্ট্রপতি।

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বৈঠকে দেশের প্রাইমারি টেক্সটাইল ও স্পিনিং শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে টেক্সটাইল ও স্পিনিং শিল্পে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এর ফলে উৎপাদন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়ছে। শিল্পের উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি সক্ষমতা ধরে রাখতে গ্যাস সরবরাহের এই উন্নতি অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

শিল্পের সমস্যা সমাধানে বিটিএমএ পাঁচটি দাবি তুলে ধরে। এর মধ্যে রয়েছে বন্ড সুবিধায় ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানি প্রত্যাহারসংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশ বহাল রাখা, নন-বন্ডেড শিল্পের ব্যাংক গ্যারান্টিভিত্তিক কাঁচামাল আমদানিতে ৩০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্ত পুনর্বহাল এবং রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম ৪০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন নিশ্চিত করা।

পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে টেক্সটাইল ও অ্যাপারেল কম্পিটিটিভনেস পলিসি প্রণয়ন, পর্যাপ্ত চাপসহ নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং বন্ড সুবিধার অপব্যবহার ঠেকাতে নজরদারি ও আইনগত ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি জানিয়েছে সংগঠনটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ