ইশরাক হোসেনের পদত্যাগ কার্যকর, গেজেট প্রকাশ
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ কার্যকর হয়েছে। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
সোমবার (১৯ অক্টোবর) এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপন মঙ্গলবার (২০ অক্টোবর) সরকারি গেজেটে প্রকাশিত হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার (১৯ অক্টোবর) জারি করা আদেশে রাষ্ট্রপতি ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান ইশরাক। ওই পোস্টে তিনি জানান, পদত্যাগের চূড়ান্ত ঘোষণার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। পরে দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
এ সময় তিনি জানান, দল যেন বিব্রত না হয়, সে জন্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগের ঘোষণা দিলেও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক। তিনি জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদক নির্মূলে আরও সক্রিয়ভাবে কাজ করতে চান।
এ ছাড়া পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং সারা দেশে প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা-৬ আসনের আওতাধীন গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে অস্ত্র থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে তাঁর পদত্যাগের বিষয়টি সামনে আসে।
মতামত দিন