Views Bangladesh Logo

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের ঘোষিত নতুন হজ রোডম্যাপের সঙ্গে সংগতি রেখে হজে গমনেচ্ছুদের জন্য এই বাধ্যতামূলক নিবন্ধন প্রক্রিয়াটি চালু করা হয়েছে।

বুধবার (১ জুলাই) ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, হজে যেতে আগ্রহীদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। পবিত্র হজের কোটা নিশ্চিত করতে নির্ধারিত সময়সীমার মধ্যেই যোগ্য আবেদনকারীদের এই প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত ২৯ মে জেদ্দায় এক অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ করে। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলাদেশের সরকারের পক্ষে রোডম্যাপটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ধর্ম উপদেষ্টা কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ)।

সৌদি আরব কর্তৃপক্ষের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া, ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজের ভিসা ইস্যু করা শুরু হবে।

সবকিছু ঠিক থাকলে হজের প্রথম ফ্লাইট চালু হবে ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র আরাফাহ দিবস অর্থাৎ হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সময়মতো সম্পন্ন করা এবং সামগ্রিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও সহজ করতেই এই আগাম নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ