Views Bangladesh Logo

ভোলায় প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের দাফনের প্রস্তুতি সম্পন্ন

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে শেষ বিদায় জানাতে প্রস্তুত তার প্রিয় জন্মভূমি ভোলা। মঙ্গলবার (২ জুন) ৯ বারের এই সংসদ সদস্যকে তার গ্রামের বাড়িতে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

আজ সকাল থেকেই ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তোফায়েল আহমেদের পারিবারিক কবরস্থানে দাফনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়। এই বর্ষীয়ান নেতার শৈশব ও কৈশোরের স্মৃতিবিজড়িত গ্রামটিতে সকাল থেকেই ভিড় করতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে এসে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় বাসিন্দারা জানান, তোফায়েল আহমেদ শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন ভোলার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর মৃত্যুতে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে হেলিকপ্টারযোগে তোফায়েল আহমেদের মরদেহ ঢাকা থেকে ভোলায় আনা হবে। এরপর জোহরের নামাজ শেষে দুপুর ২টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।

ভোলা হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা নামজ শেষে মরদেহ নেওয়া হবে তার নিজ গ্রাম কোড়ালিয়ায়। সেখানে স্থানীয় একটি মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করা তোফায়েল আহমেদ ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় হন। ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে তিনি দেশজুড়ে পরিচিতি লাভ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে দৌলতখান-তজুমদ্দিন-মনপুরা আসন থেকে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ