Views Bangladesh Logo

বিদেশে উচ্চশিক্ষার জন্য এইচএসসি থেকেই করণীয়

Asim  Kumar

অসীম কুমার

বিদেশে পড়াশোনার স্বপ্ন এখন অনেক শিক্ষার্থীর। তবে শুধুমাত্র স্বপ্ন দেখলেই হবে না, দরকার সঠিক সময়ে সঠিক প্রস্তুতি। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় থেকেই কিছু বিষয় মাথায় রাখলে পরবর্তীতে অনেক সময়, টাকা ও ঝামেলা বাঁচানো সম্ভব। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে কিছু পরামর্শ তুলে ধরছি।

১. আগে দেশ ঠিক করুন
সব দেশের নিয়ম, খরচ ও সুযোগ এক রকম নয়। তাই শুরুতেই ঠিক করুন—
* আপনার বাজেট কত
* স্কলারশিপ প্রয়োজন কি না
* পড়াশোনার পাশাপাশি কাজ করতে চান কি না
* ভবিষ্যতে স্থায়ীভাবে থাকার ইচ্ছা আছে কি না

একই ভাষায় পড়াশোনা করা যায়, এমন ২–৩টি দেশ একসাথে টার্গেট রাখলে ভালো হয়। এতে সুযোগের পরিধিও বাড়ে।

২. তারপর ভাষা শিক্ষা
শুধু ইউটিউব দেখে ভাষা শেখার উপর নির্ভর করবেন না। অনেকেই বিভিন্ন ভিডিও বা ওয়েবসাইট দেখে শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। কারণ নিয়মিত গাইডলাইন ও তদারকি ছাড়া বেশিরভাগ মানুষের পক্ষেই দীর্ঘ সময় মোটিভেটেড থাকা কঠিন।

ভাষা শেখার জন্য এমন জায়গা বেছে নিন যেখানে—

* নিয়মিত লেভেল টেস্ট হয়
* অগ্রগতি মূল্যায়ন করা হয়
* প্র্যাকটিসের পরিবেশ থাকে
* নিয়মিত ফলো-আপ করা হয়

৩. এইচএসসি শেষ হওয়ার আগেই ভাষার ভালো প্রস্তুতি নিন
সম্ভব হলে এইচএসসি শেষ হওয়ার আগেই ভাষার একটি ভালো লেভেল সম্পন্ন করুন। এতে বিশ্ববিদ্যালয়ে আবেদন ও ভিসা প্রসেস—দুই ক্ষেত্রেই সুবিধা হবে। সুযোগ থাকলে স্বল্প খরচে কিছু ভাষা সার্টিফিকেট পরীক্ষাও দিতে পারেন।

৪. ব্যাংক ও ট্যাক্স সংক্রান্ত কাগজপত্র গুছিয়ে রাখুন
অনেক দেশের ক্ষেত্রে আগে থেকেই ব্যাংক অ্যাকাউন্ট প্রস্তুত রাখা, লেনদেন পরিষ্কার রাখা এবং ভ্যাট/ট্যাক্স সংক্রান্ত কাগজ ঠিক রাখা গুরুত্বপূর্ণ। এগুলো শেষ মুহূর্তে করতে গেলে অপ্রয়োজনীয় ঝামেলা তৈরি হতে পারে।

৫. “পরামর্শদাতা” বেছে নেওয়ার সময় সতর্ক থাকুন
ভিসা পরামর্শদাতা কে ভালো আর কে প্রতারক—এটা বোঝার কোনো ম্যাজিক উপায় নেই। সম্ভব হলে এমন কাউকে খুঁজুন, যারা শুরুতে অন্তত সঠিক দিকনির্দেশনা ফ্রিতেই দেয়। পাশাপাশি—

* গুগল রেটিং ও রিভিউ দেখুন
* সব কথা লিখিত নিন
* মৌখিক প্রতিশ্রুতির উপর ভরসা করবেন না
* সার্ভিস চার্জ refundable কি না, আগে জেনে নিন
* চুক্তিপত্র পড়ে বুঝে সাইন করুন

৬. মূল পাসপোর্ট বা সার্টিফিকেট সহজে জমা দেবেন না
ভিসার নির্দিষ্ট প্রয়োজন ছাড়া কোনো প্রতিষ্ঠান যদি শুরুতেই মূল পাসপোর্ট বা সার্টিফিকেট জমা রাখতে চায়, তাহলে সতর্ক হন। প্রয়োজন হলে কপি দিন, কিন্তু আসল কাগজ নিজের কাছেই রাখুন।

৭. টিউশন ফি সবসময় নিজের অ্যাকাউন্ট থেকে দিন
কোনো এজেন্সি বা ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টিউশন ফি বা ইন্স্যুরেন্স পাঠাবেন না। সবসময় নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি বিশ্ববিদ্যালয় বা কলেজে টাকা পাঠান।

বিদেশে পড়াশোনার প্রস্তুতি যত আগে এবং পরিকল্পনা অনুযায়ী শুরু করবেন, পথ তত সহজ হবে। সঠিক তথ্য, ধৈর্য, ধারাবাহিক চেষ্টা এবং সচেতন সিদ্ধান্ত—এই চারটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ