লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে আবার বলিউডে ফিরছেন প্রীতি জিনতা
দীর্ঘ আট বছর অভিনয় থেকে দূরে থাকার পর আবার বলিউডে ফিরছেন অভিনেত্রী প্রীতি জিনতা। সম্প্রতি মুম্বইয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি প্রত্যাবর্তনের অভিজ্ঞতা, অভিনয় থেকে বিরতির কারণ এবং নতুন সিনেমার শুটিংয়ের প্রথম দিনের স্মৃতি তুলে ধরেন। তাঁর এই প্রত্যাবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিনেতা-প্রযোজক আমির খান এবং পরিচালক রাজকুমার সন্তোষী।
প্রীতি জানান, স্বামী জিন গুডএনাফ এবং যমজ সন্তান জিয়া ও জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পারিবারিক জীবন নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। এ সময়ে অনেক সিনেমার প্রস্তাব এলেও সেগুলো ফিরিয়ে দেন। তবে আমির খানের প্রযোজনায় রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটওয়ারা ১৯৪৭’–এর গল্প শোনার পর আর না বলতে পারেননি এবং ছবিটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেন।
আট বছর পর ক্যামেরার সামনে ফিরে শুটিংয়ের প্রথম দিনেই ছবির সবচেয়ে কঠিন দৃশ্য ধারণ করতে হয়েছিল তাঁকে। এতে স্বাভাবিকভাবেই কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন বলে জানান প্রীতি। সে সময় সহ-অভিনেতা সানি দেওলের সহযোগিতা ও শান্ত স্বভাব তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছে এবং কাজ সহজ করে দিয়েছে।
অভিনয় থেকে এতদিন দূরে থাকার বিষয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন প্রীতি জিনতা। তাঁর ভাষায়, মা হওয়া এবং পরিবার গড়ে তোলাই জীবনের সবচেয়ে বড় অর্জন।
আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বাটওয়ারা ১৯৪৭’। ছবিতে প্রীতি জিনতা ও সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন শাবানা আজমি, অভিমন্যু সিং, করণ দেওল, আলি ফজল ও বিজয়ন্ত কোহলি। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান এবং গান লিখেছেন জাভেদ আখতার।
মতামত দিন