প্রীতি জিনতাসহ ১৮ সদস্য নিয়ে পুনর্গঠিত ভারতের সেন্সর বোর্ড
ভারতে নতুন করে গঠন করা হয়েছে কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বা সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বুধবার (১৬ সেপ্টেম্বর) ১৮ সদস্যের নতুন বোর্ডের ঘোষণা দিয়েছে। নতুন বোর্ডের মেয়াদ তিন বছর অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, যেটি আগে হবে, ততদিন কার্যকর থাকবে।
নতুন বোর্ডে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতার পাশাপাশি রয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, সুনীল শেঠি, মনোজ যোশী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ ছাড়া পরিচালক প্রিয়দর্শন, সংগীতশিল্পী রিকি কেজ, অভিনেত্রী রূপালি গাঙ্গুলি, পল্লবী যোশী এবং থিয়েটার জগতের ওয়ামান কেন্দ্রেসহ বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিদের রাখা হয়েছে।
ভারত সরকারের প্রকাশিত তালিকা অনুযায়ী, নতুন ১৮ সদস্য হলেন বিনোদ অনুপম, মনোজ যোশী, অভিষেক জৈন, রিকি কেজ, প্রিয়দর্শন, সুনীল শেঠি, হংসরাজ হংস, সুপ্রিয়া ইয়ারলাগাড্ডা, যতীন্দ্র মিশ্র, রূপালি গাঙ্গুলি, প্রীতি জিনতা, নীলা মাধব পান্ডা, পঙ্কজ ত্রিপাঠী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পল্লবী যোশী, নিশিগন্ধা ওয়াদ, ওয়ামান কেন্দ্র এবং রমেশ পাতাঙ্গে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফ আইনের ৩ নম্বর ধারার পাশাপাশি ২০২৪ সালের সিনেমাটোগ্রাফ সার্টিফিকেশন বিধিমালার অধীনে নতুন বোর্ড গঠন করা হয়েছে। এর ফলে মূলত বোর্ডের সদস্যদের পরিবর্তন হয়েছে। চলচ্চিত্র সার্টিফিকেশনের আইনগত কাঠামোতে কোনো পরিবর্তন আনা হয়নি।
সিবিএফসি ভারতে জনসমক্ষে প্রদর্শনের আগে চলচ্চিত্রের সার্টিফিকেশন দেয়। সরকারি তথ্য অনুযায়ী, চলচ্চিত্র সার্টিফিকেশনের ক্ষেত্রে ২০২৪ সালের বিধিমালা কার্যকর রয়েছে। অনলাইন সার্টিফিকেশন ব্যবস্থা চালুর ফলে প্রক্রিয়াটিও ডিজিটাল করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত সরকার জানিয়েছিল, চলচ্চিত্র সার্টিফিকেশনে নির্ধারিত সর্বোচ্চ সময় ৪৮ কর্মদিবস হলেও ফিচার ফিল্মের ক্ষেত্রে গড় সময় নেমে এসেছে ১৮ কর্মদিবসে।
নতুন বোর্ড গঠনের সময় এমন এক পর্যায় এসেছে, যখন ভারতে চলচ্চিত্রের সার্টিফিকেশন, কনটেন্টে কাটছাঁট এবং বোর্ডের কার্যক্রম নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক দেখা গেছে। তবে নতুন সদস্যদের দায়িত্ব মূলত আগের আইন ও বিধিমালার কাঠামোর মধ্যেই থাকবে। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে শশী শেখর ভেম্পাতিকে সিবিএফসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল ভারত সরকার।
মতামত দিন