Views Bangladesh Logo

চট্টগ্রামে ডেঙ্গুতে গর্ভবতীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অর্পিতা দাশ (২৬) নামে এক গর্ভবতীর মৃত্যু হয়েছে। শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর পাথরঘাটা এলাকার সানরাইজ গ্রামার স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তার সন্তান জন্মদানের সম্ভাব্য সময় ছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, বৃহস্পতিবার অর্পিতাকে হাসপাতালে আনা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত অর্পিতা শুক্রবার বিকেলে মারা যান। তিনি সন্তানসম্ভবা ছিলেন। মায়ের মৃত্যুর সঙ্গে গর্ভের সন্তানও মারা গেছে।

গত ৬ সেপ্টেম্বর অর্পিতার ডেঙ্গু শনাক্ত হয়। পরদিন তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবরার নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। হালিশহর এলাকার বাসিন্দা আবরার এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমে আক্রান্ত ছিল।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বরের প্রথম ১১ দিনে জেলায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে বলে সংশ্লিষ্ট চিকিৎসা সূত্রে জানা গেছে। তবে শনিবার বিকেলে প্রকাশিত সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা ১০ জন উল্লেখ করা হয়েছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, অর্পিতা দাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর পর্যালোচনা প্রতিবেদন পাওয়ার পর তাকে ডেঙ্গুতে মৃতদের তালিকায় যুক্ত করা হবে। পরবর্তী প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হবে।

এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত ১০ জনের মধ্যে পাঁচজন নারী, তিনজন পুরুষ ও দুজন শিশু বলে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৬০ জন রোগী ভর্তি ছিলেন। জেলায় ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি রোগী এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সেপ্টেম্বরের প্রথম ১১ দিনে চট্টগ্রাম জেলায় নতুন করে ৭৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর আগে আগস্ট মাসে শনাক্ত হয় ১ হাজার ২০২ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ