অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে ব্যস্ত দীপিকা, শেষ করছেন ‘রাকা’র কাজ
দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তবে সংসারে নতুন সদস্য আসার এই প্রতীক্ষার মধ্যেও কাজ থেকে পুরোপুরি দূরে থাকেননি তিনি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী, যদিও এবার তিনি কাজে কিছুটা বিরতি নেওয়ার পরিকল্পনা করছেন। বর্তমানে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের বিপরীতে পরিচালক অ্যাটলির ‘রাকা’ সিনেমার শুটিং শেষ করার কাজে ব্যস্ত আছেন দীপিকা।
এর আগে কর্মঘণ্টা নিয়ে দেওয়া শর্তের কারণে বেশ আলোচনায় উঠে এসেছিলেন দীপিকা। দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করবেন না; এমন শর্তের জেরে তাকে বাদ দেওয়া হয়েছিল ‘স্পিরিট’ সিনেমা থেকে। একই ধরনের শর্ত ‘কল্কি ২’-এর নির্মাতাদের দেওয়ায় বলিউডে তার বিরুদ্ধে পেশাদারিত্বের ঘাটতির অভিযোগও তোলা হয়। পুরো ২০২৫ সালজুড়ে এই বিতর্ক নিয়ে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র মহলে তুমুল আলোচনা চলে। আসলে এই শর্তের নেপথ্যে ছিল দীপিকার দ্বিতীয় সন্তান জন্মদানের পরিকল্পনা।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যাচ্ছে, বর্তমানে অন্তঃসত্ত্বাকালের অষ্টম মাসে রয়েছেন দীপিকা, আগামী মাসেই সন্তান জন্মের সম্ভাবনা রয়েছে। এর আগেই ‘রাকা’য় নিজের অংশের দৃশ্যধারণ সম্পন্ন করতে চাইছেন তিনি, যে কারণে প্রয়োজনে রাত পর্যন্তও সেটে অবস্থান করছেন। তার এমন নিষ্ঠা ও কর্মস্পৃহায় মুগ্ধ পুরো টিম। কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি ঘরানায় নির্মিত হতে থাকা এই সিনেমায় থাকছে বড় বাজেটের অ্যাকশন দৃশ্য, যা মুক্তি পাবে ২০২৭ সালে।
দীপিকার হাতে থাকা আরেকটি বহুল আলোচিত প্রজেক্ট শাহরুখ খান অভিনীত ‘কিং’। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় নির্মিত এই সিনেমায় শাহরুখ-দীপিকার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় ভার্মা, সৌরভ শুক্লা ও রানী মুখার্জি। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
দীপিকার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, দ্বিতীয় সন্তান জন্মের আগেই হাতে থাকা সব কাজের প্রতিশ্রুতি পূরণ করতে চান অভিনেত্রী। শুটিং চলাকালীন তার শারীরিক অবস্থার প্রতিও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে পুরো নির্মাণ টিম। তবে নিজের পেশাগত দায়বদ্ধতায় কোনো ছাড় দিতে নারাজ দীপিকা, বরং প্রতিটি দায়িত্ব যথাযথভাবে পালন করেই যাচ্ছেন তিনি।
মতামত দিন