Views Bangladesh Logo

বিশ্বকাপ থেকে ছিটকে গেল শক্তিশালী উরুগুয়ে, গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের এইচ গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অন্যদিকে দুই ম্যাচে জয় না পাওয়ায় এবং এক ম্যাচ হেরে যাওয়ায় শক্তিশালী উরুগুয়েকে বিদায় নিতে হয়েছে বিশ্বকাপ থেকে।

গুয়াদালাহারা স্টেডিয়ামে ম্যাচজুড়ে বল দখলে আধিপত্য দেখিয়েছে স্পেন। তবে উরুগুয়ের সুশৃঙ্খল রক্ষণ দীর্ঘ সময় আটকে রাখে স্প্যানিশ আক্রমণ। মার্সেলো বিয়েলসার দল এতটাই গভীরে নেমে রক্ষণ সাজিয়েছিল যে স্পেনের জন্য সুযোগ তৈরি করা কঠিন হয়ে পড়েছিল।

তবে ধৈর্য ধরে আক্রমণ চালিয়ে যায় লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচের ৪২তম মিনিটে মার্কোস ইয়োরেন্তের ক্রস থেকে বক্সের ভেতরে বল পেয়ে আলেক্স বায়েনা ঘুরে শট নেন। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা সেই শট ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারায় বল গড়িয়ে জালে ঢুকে যায়।

বিরতির আগে পাওয়া সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। দ্বিতীয়ার্ধে উরুগুয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বেঞ্চামিন রদ্রিগেজ, দারউইন নুনেজরা পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি। শেষ দিকে ফেরান তোরেসের শট ক্রসবারে লাগে।

ম্যাচের ৯০তম মিনিটে কানোব্বিও স্পেনের কুবার্সির ওপর কঠিন ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। ফলে ম্যাচের শেষ মুহূর্তে ১০ জনে নেমে যায় উরুগুয়ে।

পরিসংখ্যানেও স্পেনের আধিপত্য ছিল স্পষ্ট। বল দখলে ৬৮ শতাংশ নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে তারা। উরুগুয়ের শট অন টার্গেট ছিল মাত্র ২টি। অন্যদিকে তারা ১৪টি ফাউল করে এবং দেখে ৩টি হলুদ ও ১টি লাল কার্ড।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের জন্য এটি হতাশাজনক বিদায়। তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই শেষ হলো তাদের বিশ্বকাপ অভিযান।
অন্যদিকে স্পেন ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ উঠেছে। নকআউট পর্বে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার গ্রুপের রানার্সআপ দলের। অন্যদিকে ইতিহাস সৃষ্টি করে গ্রুপে কোন ম্যাচ না হেরে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে রাউন্ড ৩২ এ পৌঁছে গেল কেপ ভার্দে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ