৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তিত: জ্বালানিমন্ত্রী
মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতার কথা বিবেচনা করেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ এবং ক্রীড়াসামগ্রী বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জ্বালানিমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের অধিকাংশ পরিবার মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে না। তাই নিম্নআয়ের মানুষ যেন বাড়তি বিদ্যুৎ বিলের চাপের মুখে না পড়েন, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।
তিনি বলেন, সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পরিবেশবান্ধব এ বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির প্রয়োজন হয় না। ফলে এ উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রসঙ্গেও মন্তব্য করেন জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, আমরা সবাই পরীক্ষা দিয়ে পাস করেছি। পরীক্ষার হলে নকল বা কোনো ধরনের অনিয়ম করতে না দেওয়া কখনোই আন্দোলনের যৌক্তিক কারণ হতে পারে না।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত দিন