বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা জ্বালানি প্রতিমন্ত্রীর
আজ বুধবার সন্ধ্যা থেকে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে বর্তমানের এই অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
বুধবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পরিস্থিতির ব্যাখায় প্রতিমন্ত্রী জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনালে নতুন করে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে, কারিগরি দুর্ঘটনার কারণে অপর টার্মিনালটিও পুরো সক্ষমতায় চাল রাখা সম্ভব হয়নি। ফলে সারাদেশে গ্যাস সরবরাহ কমে যায় এবং স্বাভাবিকভাবেই বিদ্যুৎ উৎপাদনে এর বড় প্রভাব পড়েছে।
বিদ্যুৎ খাতের বিরাজমান সংকট নিয়ে তিনি বলেন, বিগত সরকারের ভুল নীতির কারণে জ্বালানি সংকট আগে থেকেই ছিল। এর সঙ্গে এখন যোগ হয়েছে এই দুর্ঘটনা ও বৈরী আবহাওয়া। তবে পরিস্থিতি সামাল দিতে বিকল্প উপায়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।
সম্প্রতি তীব্র গ্যাস ঘাটতির প্রভাবে জাতীয় পর্যায়ে লোডশেডিংয়ের পরিমাণ ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। বিশেষ করে পল্লী এলাকায় দীর্ঘসময় ধরে বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছায় এবং তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এতে দেশের কয়েকটি স্থানে বিদ্যুৎকেন্দ্র ও উপকেন্দ্রে হামলা-ভাঙচুরের অপ্রীতিকর ঘটনাও ঘটে। এসব অপ্রীতিকর ঘটনা রোধে ও নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকার বিদ্যুৎ স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা চেয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।
মতামত দিন