জুনে গ্রাহকদের ‘অস্বাভাবিক’ বিদ্যুৎ বিল আসার অভিযোগ তদন্তের নির্দেশ
জুন মাসে গ্রাহকদের অস্বাভাবিকভাবে বেশি বিদ্যুৎ বিল আসার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ মন্ত্রণালয়ের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অতিরিক্ত বিলের কারণ পর্যবেক্ষণ এবং গ্রাহক হয়রানি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, কোনো গ্রাহকের বিলে অসংগতি বা অতিরিক্ত বিলের অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত যাচাই করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তির পুরো প্রক্রিয়ায় গ্রাহকদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী গ্রাহকদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কার্যালয়ে সরাসরি যোগাযোগ অথবা নির্ধারিত হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
অভিযোগ জানাতে বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন ১৬৯৯৯-এ যোগাযোগ করা যাবে। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পবিবো) ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ১৬১১৬, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ১৬১২০, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ১৬৬০৩ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ১৬১১৭ নম্বরে অভিযোগ করা যাবে।
মন্ত্রণালয় বলেছে, অতিরিক্ত বিলের অভিযোগগুলো যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং বিদ্যুৎ বিলিং ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
মতামত দিন