Views Bangladesh Logo

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির দুটি বড় ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে বিকট শব্দের পর এই ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়। ফলে প্রায় দেড় হাজার মেগাওয়াট সক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমে দাঁড়ায় মাত্র ২২৫ মেগাওয়াটে।

বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগের সূত্রে জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সচল পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি বড় ইউনিটে প্রায় সাড়ে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দের পর ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘নর্থ’ ও ‘ইস্ট’ ইউনিট দুটি পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং কেন্দ্রটির উৎপাদন নেমে আসে ২২৫ মেগাওয়াটে।

এদিকে গ্যাস সংকটের কারণে ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘সাউথ’ ইউনিট এবং ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি গ্যাস ইঞ্জিন ইউনিট দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ–ভুলতা ৪০০ কেভি গ্রিড লাইনে ত্রুটির কারণে শুক্রবার দুপুর আড়াইটার পর ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘নর্থ’ ও ‘ইস্ট’ ইউনিট বন্ধ হয়ে যায়। তবে ইউনিট দুটি সচল রয়েছে এবং গ্রিড লাইনের ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আশুগঞ্জ–ভুলতা ৪০০ কেভি গ্রিড লাইনের ত্রুটি দ্রুত ঠিক করে রাতের মধ্যেই ইউনিট দুটি আবার চালু করার চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ