Views Bangladesh Logo

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, ঘাটতি পূরণে হবে লোডশেডিং

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে ১৭ হাজার মেগাওয়াট, বিপরীতে উৎপাদন সম্ভব হবে ১৪ হাজার মেগাওয়াট। ফলে ঘাটতি দাঁড়াবে তিন হাজার মেগাওয়াট, যা পূরণে লোডশেডিং করতে হবে।

আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা জানান, গতকাল বুধবার বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট, সরবরাহ হয়েছে ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট। অর্থাৎ গতকাল প্রায় দুই হাজার ৮৬ মেগাওয়াট লোডশেডিং হয়েছে।

জ্বালানির প্রস্তুতিতে ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনক্ষমতা যথেষ্ট থাকলেও গ্যাস ও জ্বালানির স্বল্পতায় তা কাজে লাগানো যাচ্ছে না। গতকাল গ্যাসচালিত কেন্দ্রগুলো থেকে মাত্র পাঁচ হাজার ২৭৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যেখানে উৎপাদনক্ষমতা ১২ হাজার ১৫৪ মেগাওয়াট। অর্থাৎ সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করা সম্ভব হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

বিদ্যুৎ বিভাগ জানায়, গ্যাসচালিত সব কেন্দ্রের পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে দৈনিক ২০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ প্রয়োজন। ১২০ কোটি ঘনফুট সরবরাহ করা গেলেও সাত হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন সম্ভব হতো। কিন্তু বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র ৮৫ থেকে ৯০ কোটি ঘনফুট। ব্যয়বহুল ফার্নেস অয়েল ও ডিজেলের ব্যবহার কমিয়ে উৎপাদন খরচ সাশ্রয়ের চেষ্টাও চলছে।

এ ছাড়া কয়লাভিত্তিক আটটি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি কারণে বন্ধ রয়েছে, যা আগামী ২৬ এপ্রিল উৎপাদনে ফিরতে পারে। বাঁশখালীতে এসএস পাওয়ারের একটি ইউনিটে বিদ্যুৎ-বিভ্রাটের কারণে ৬৫০ মেগাওয়াট কম আসছে, যা ২৮ এপ্রিল থেকে পাওয়া যেতে পারে। সব মিলিয়ে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এক হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
লোডশেডিং প্রসঙ্গে বিদ্যুৎ বিভাগ জানায়, সেচ কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য গ্রাম ও শহরে লোডশেডিং সমন্বয় করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ঢাকা শহর লোডশেডিংমুক্ত রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ