Views Bangladesh Logo

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটে দুই দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পরীক্ষামূলকভাবে ইউনিটটি চালু করা হয়েছে এবং রাত ৮টা থেকে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এই ইউনিট সচল রাখতে প্রতিদিন প্রায় ৭০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হচ্ছে।

জানা যায়, গত ২২ এপ্রিল রাত ১০টার দিকে কয়লার সঙ্গে পাথর মিশে যাওয়ার কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, ফলে প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে প্রকৌশলীদের নিবিড় প্রচেষ্টায় ত্রুটি মেরামত করে দ্রুত ইউনিটটি আবার চালু করা সম্ভব হয়েছে।

এই ইউনিট পুনরায় চালু হওয়ায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের আটটি জেলায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সরবরাহকৃত কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট ক্ষমতার এই তাপ বিদ্যুৎকেন্দ্র পরিচালিত হয়। তবে ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে, যা চালু থাকাকালে প্রায় ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করত।

প্রধান প্রকৌশলী আশা প্রকাশ করেছেন, প্রথম ইউনিট সচল থাকায় এ অঞ্চলের মানুষ আরও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবেন এবং লোডশেডিংয়ের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ