Views Bangladesh Logo

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়

ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বিদ্যুৎ প্রবাহে বিপর্যয় ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ ঘটনায় আকস্মিকভাবে বিদ্যুৎ চলে যায়। ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আইসিটি ও অপারেশন পরিচালক রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রিডের সমস্যার কারণে ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, মতিঝিলসহ বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর ১২টা ৪৩ মিনিটে অনাকাঙ্ক্ষিতভাবে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, দুপুর একটার দিকে সচিবালয়েও বিদ্যুৎ চলে যায়। রাজধানীর বিভিন্ন প্রান্তের গ্রাহকরা বিদ্যুৎ না থাকার কথা জানিয়েছেন।

বিপর্যয়ের কারণ নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট তথ্য মিলছে না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের দায়িত্বশীলরা বলেছেন, এখনো পর্যন্ত বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা যায়নি।

তবে পিডিবির সূত্র অনুযায়ী, মেঘনাঘাট-হরিপুর জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। অন্যদিকে, ডিপিডিসি এখনো নিশ্চিত করতে পারেনি ঠিক কোন গ্রিডে বিপর্যয় ঘটেছে। ধারণা করা হচ্ছে, ধানমন্ডি-উলন গ্রিডে এ ঘটনা ঘটেছে।

বিদ্যুৎ কবে, কখন পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ