আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎমন্ত্রী
আগামী সপ্তাহ থেকেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আরও জানান, এতে লোডশেডিং অনেকটা কমে আসবে।
সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় এ কথা বলেন মন্ত্রী। এ সময় জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান সংকটের নানা দিক তুলে ধরেন তিনি।
বিদ্যুৎমন্ত্রী আরও জানান, সরকার আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় আমদানিতে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার খরচ হচ্ছে, যা দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। বর্তমানে বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়াও অনুষ্ঠানে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান জানান, পরিবেশবান্ধব জ্বালানি উৎসাহিত করতে আগামী বাজেটে ব্যাটারি উৎপাদন ও আমদানিতে বিশেষ শুল্ক সুবিধা দেওয়া হতে পারে। এসব উদ্যোগের ফলে দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে