Views Bangladesh Logo

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: মোকাবিলায় প্রস্তুত সিটিটিসি

জাতীয় সংসদ ভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য হামলার আশঙ্কায় রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ধরনের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন এসব তথ্য জানান।

পুলিশ সদর দপ্তরের পাঠানো সতর্কতামূলক বার্তার কথা নিশ্চিত করে মুনশী শাহাবুদ্দীন বলেন, ‘আমরা তথ্যটি পেয়েছি এবং আমাদের সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে।’ তবে তিনি উল্লেখ করেন যে, হামলার পরিকল্পনায় লিপ্ত নির্দিষ্ট কোনো সংগঠন বা গোষ্ঠীকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

নিরাপত্তার স্বার্থে কৌশলগত পরিকল্পনা প্রকাশ না করে তিনি জানান, ‘এটি আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিকল্পনার অংশ। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট স্থানগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সম্ভাব্য হামলার খবরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হলেও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা। তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটি মোকাবিলা করতে পারব।’

গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে একটি গোপন বার্তার মাধ্যমে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া জঙ্গি সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানিয়েছেন, সদর দপ্তরের নির্দেশনা পাওয়ার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, "গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিয়মিতই নিরাপত্তা ব্যবস্থা থাকে। ডিএমপির প্রটেকশন বিভাগ এসব স্থাপনার নিরাপত্তা দেখে এবং আমরা তাদের চাহিদামতো সব ধরনের সহযোগিতা করছি।"

অন্যদিকে, সশস্ত্র বাহিনীর কতজন সদস্য জঙ্গি সংশ্লিষ্টতায় গ্রেপ্তার হয়েছেন—এমন প্রশ্নের জবাবে সিটিটিসি কর্মকর্তা জানান, গণমাধ্যমে প্রকাশিত খবরের বাইরে এ বিষয়ে তার কাছে বর্তমানে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

বর্তমানে গুরুত্বপূর্ণ সরকারি ভবন, কেপিআই এলাকা এবং জনসমাগমপূর্ণ স্থানে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ