Views Bangladesh Logo

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রবাস ও সরকারি কর্মকর্তাদের জন্য পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা এবং কারাবন্দিদের জন্য পোস্টাল ভোটে অংশগ্রহণের সুযোগ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সুবিধা পেতে আগ্রহী ভোটারদের আগামী ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রবাস ভোটাধিকার ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন উদ্যোগের প্রকল্প প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আহমেদ খান এ বিষয়টি নিশ্চিত করে জানান, ২৯ অক্টোবরের ভোটগ্রহণে প্রবাসীদের অংশ নিতে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপে নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। কমিশন থেকে দেশ ও দেশের বাইরের সাড়ে পাঁচ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ২৯ সেপ্টেম্বর তা বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে, যা নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর। ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এ নির্বাচনে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন ভোটার মোট ১৮৫টি কেন্দ্রের ৯৮৯টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনায় ১৮৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৯৮৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ১ হাজার ৯৭৮ জন পোলিং কর্মকর্তাসহ মোট ৩ হাজার ১৫২ জন দায়িত্ব পালন করবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ