জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: হুমায়ুন
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি জানান, সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের হাজারো সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত।
জ্বালানি খাতের সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। জ্বালানি খাতের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের এতে যুক্ত হওয়া অস্বাভাবিক নয়। বর্তমানে অনেক দেশ একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে প্রয়োজন, বাংলাদেশ সেখানে যাবে।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রয়োজন আছে বলেই যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনা হচ্ছে। এটি কারও চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়। প্রয়োজনে ভবিষ্যতে আরও উড়োজাহাজ কেনা হতে পারে।
মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ সরকারের সময়কার সিন্ডিকেটের কারণে সেখানে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি করা হবে।
এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
মতামত দিন