পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নে শিগগিরিই সুখবর আসবে: দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নে শিগগিরই ইতিবাচক খবর আসতে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা আশাবাদী যে খুব দ্রুতই শান্তি চুক্তি নিয়ে জাতির সামনে সুখবর আসবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী পাহাড়ের প্রতিটি জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় সরকার কাজ করছে বলেও তিনি জানান। তিনি বলেন, ‘দেশে পাহাড়ি-বাঙালি কোনো ভেদাভেদ নেই; সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’
পাহাড়ের ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব নিয়ে এবার নতুন সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রী। এবার সম্মিলিত ‘বৈসাবি’ নামে নয়, বরং পার্বত্য এলাকার ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসবগুলো নিজস্ব নামে উদযাপিত হবে। তিনি ব্যাখ্যা করেন, ‘বৈসাবি’ নামটি মূলত তিনটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করত। এবার বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, চাংলান ও চাংক্রান নামে উৎসবগুলো পালিত হবে।
আগামী ১২ এপ্রিল থেকে পাহাড়ের প্রধান সামাজিক উৎসবগুলো শুরু হবে। ওইদিন সকালে র্যালির মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হবে এবং রমনা পার্কের লেকে ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা ঘটবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে