Views Bangladesh Logo

সরকার-ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ও ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি বলেন, বিদ্যমান সমস্যাগুলো মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে।

শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য দেশ ও মানুষের জন্য কাজ করা। কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে, তবে সবাই মিলে কাজ করলে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে সরকার ও ব্যবসায়ী—উভয় পক্ষই সমানভাবে সচেতন। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এসব সমস্যা সমাধানে কাজ করছে এবং বিভিন্ন খাতভিত্তিক বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে।

তারেক রহমান বলেন, সরকারের বয়স এখনো ছয় মাস হয়নি। এরই মধ্যে আপনাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। আগের বৈঠকে উত্থাপিত অনেক সমস্যার সমাধান হয়েছে। আজ নতুন কিছু বিষয় এসেছে, সেগুলো নিয়েও কাজ করা হবে।

তিনি জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসবে সরকার। যত বেশি আলোচনা হবে, তত বেশি আপনাদের সমস্যাগুলো জানা ও সমাধান করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আলোচনার মাধ্যমেই কার্যকর সমাধান বেরিয়ে আসে। এই সংলাপের ধারা অব্যাহত থাকলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন সম্ভব।

সভায় ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণপ্রাপ্তি, নীতিগত সহায়তা এবং আরও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে চলমান বিভিন্ন সরকারি উদ্যোগের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তারা।

বৈঠকে জানানো হয়, আগের বৈঠকে আলোচিত ২৮টি বিষয়ের মধ্যে ২১টির বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। বাকি সাতটি বিষয় এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় ২০৩০ সালের মধ্যে দেশের রপ্তানি আয় ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার একটি রোডম্যাপও তুলে ধরা হয়। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় কূটনৈতিক সহায়তা দেওয়ার আশ্বাস দেয় সরকার।

মতবিনিময় সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ