গোলশূন্য দুর্দান্ত লড়াই, বিরতিতে পর্তুগাল-ক্রোয়েশিয়া
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে প্রথমার্ধে কোনো ব্যবধান গড়তে পারেনি ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। টরন্টো স্টেডিয়ামে শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ শেষে স্কোরলাইন ০-০।
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল রবার্তো মার্তিনেজের পর্তুগাল। মাঝমাঠে ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেসের নিয়ন্ত্রণে একের পর এক আক্রমণ সাজায় তারা। তবে প্রতিবারই পর্তুগিজদের হতাশ করেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।
ম্যাচের চতুর্থ মিনিটেই প্রথম বড় সুযোগ পায় পর্তুগাল। বাঁ প্রান্ত দিয়ে রাফায়েল লিয়াওয়ের দুর্দান্ত গতির দৌড়ে তৈরি হওয়া আক্রমণ থেকে টানা দুটি শট নেন ব্রুনো ফার্নান্দেজ। কিন্তু দুইবারই অসাধারণ প্রতিক্রিয়ায় বল ফিরিয়ে দেন লিভাকোভিচ।
এরপরও আক্রমণের ধার বজায় রাখে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে কয়েকটি আক্রমণ তৈরি হলেও ক্রোয়েশিয়ার রক্ষণ ছিল যথেষ্ট সংগঠিত। অন্যদিকে লুকা মদ্রিচের নেতৃত্বে ক্রোয়েশিয়া মাঝেমধ্যে পাল্টা আক্রমণে উঠলেও সেগুলো বড় কোনো হুমকিতে রূপ নিতে পারেনি। ফলে দুই দলের লড়াই সীমাবদ্ধ থাকে মূলত মাঝমাঠের দখল নিয়েই।
২৪ মিনিটে গরম আবহাওয়ার কারণে রেফারি হাইড্রেশন ব্রেকের নির্দেশ দেন। বিরতির আগ পর্যন্ত দুই দলই গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও শেষ পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি।
ম্যাচটির আবেগঘন একটি মুহূর্ত ছিল জাতীয় সংগীতের সময়। আজ পর্তুগাল ও লিভারপুলের সাবেক ফরোয়ার্ড দিয়োগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই পর্তুগিজ ফুটবলার। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠে জোতার ছবি। নীরব শ্রদ্ধার সেই মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন পর্তুগিজ সমর্থকেরা। জোতার স্মৃতিকে বুকে নিয়েই গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে মাঠে নেমেছেন রোনালদোরা।
প্রথমার্ধের পারফরম্যান্সে আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও গোলের সামনে কার্যকারিতার অভাবে হতাশ করেছে পর্তুগাল। অন্যদিকে রক্ষণে শৃঙ্খলাবদ্ধ ফুটবল এবং লিভাকোভিচের দুর্দান্ত গোলকিপিংয়ে সমতায় থেকে বিরতিতে গেছে ক্রোয়েশিয়া। ফলে দ্বিতীয়ার্ধে আরও জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
প্রসঙ্গত, নকআউট পর্বের এই ম্যাচে ড্র হওয়ার সুযোগ নেই। নির্ধারিত ৯০ মিনিটে সমতা থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে, এরপর প্রয়োজন হলে টাইব্রেকারে নির্ধারিত হবে শেষ ষোলোর টিকিট। আজকের এই ম্যাচে জয়ী দল আগামী ৬ জুলাই ডালাস স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে।
মতামত দিন