পরীমনির মাদক মামলার অভিযোগ শুনানি ২৯ সেপ্টেম্বর
চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে করা মাদক মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ দিন ধার্য করেন। এদিন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত শুনানি পিছিয়ে দেওয়ার জন্য সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। তবে পরীমনি আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার অপর দুই আসামি পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও তাঁর খালু কবীর হোসেন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন।
২০২১ সালে ব্যবসায়ী নাছির উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করার কয়েক দিন পর ৪ আগস্ট পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে মদ ও মাদক উদ্ধারের দাবি করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরে এ ঘটনায় করা মাদক মামলায় ওই বছরের ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় পরীমনির সঙ্গে তাঁর ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হোসেন হাওলাদারকে আসামি করা হয়।
২০২২ সালের ৫ জানুয়ারি আদালত মামলাটিতে অভিযোগ গঠন করেন। পরে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ওই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন।
পরে মামলাটির অভিযোগ পুনর্গঠনের বিষয়ে শুনানির জন্য নির্দেশ দেন হাইকোর্ট। সেই ধারাবাহিকতায় এবার ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য হলো।
মতামত দিন