Views Bangladesh Logo

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামে অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকেরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাঁরা এ সিদ্ধান্তের কথা জানান।

আয়োজকেরা জানান, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার ১৭ দিন আগে পরীমনির সঙ্গে তাঁদের চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীকে অসম্মান করার অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে তাঁদের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।

এর আগে গত শুক্রবার রাতে নিজের ফেসবুক ওয়ালে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে পরীমনি লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’

পোস্টারটি নিয়ে জাতীয় পত্রিকার এক প্রতিবেদক আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে লেখেন, ‘এই প্রোগ্রামের আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’

এরপর বিষয়টি চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। তাঁদের প্রতিবাদের মুখে পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকেরা।

পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টারও প্রকাশ করেছেন আয়োজকেরা। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় ওই সাংবাদিককে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অভিনেত্রী ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে।

পরীমনি ও তার দেহরক্ষীদের দাবি, ওই সাংবাদিক পরীমনির গায়ে হাত দিয়েছিলেন। তবে ওই সাংবাদিকের অভিযোগ, লিফটে ওঠার সময় তাকে ভিডিও করতে দেখে পরীমনি তার ফোন কেড়ে নেন। এ সময় তার ট্রাইপডও ভেঙে ফেলা হয়। পরে পরীমনির কাছ থেকে নিজের ফোন ফিরিয়ে নেন বলে গণমাধ্যমকে জানান ওই সাংবাদিক।

এ ঘটনায় আদালত প্রাঙ্গণে উপস্থিত সুজন চন্দ্র মনি দাস নামে এক বিচারপ্রার্থীও আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, সাংবাদিকদের ছবি তোলা ও ভিডিও ধারণকে কেন্দ্র করে পরীমনির দেহরক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কির সময় তার মাথা ফেটে যায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ