Views Bangladesh Logo

যানজটে আটকে আদালতে পৌঁছাতে পারেননি পরীমনি, শুনানি গড়াল নভেম্বরে

ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমনির জেরা এবারও সম্পন্ন হলো না। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলমের বিরুদ্ধে করা এই মামলায় জেরার জন্য নতুন তারিখ হিসেবে আগামী ৩০ নভেম্বর ধার্য করেছেন আদালত।

রোববার (৯ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে এই মামলায় পরীমনির জেরার দিন নির্ধারিত ছিল। শুনানি শুরুর প্রথমদিকে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতকে জানান, পরীমনি আদালতে আসছেন এবং দুপুর ১২টার দিকে জেরার জন্য মামলাটি রাখার আবেদন করেন তিনি। আদালত সেই আবেদন গ্রহণ করে সময় নির্ধারণ করে দেন।

কিন্তু নির্ধারিত সময়ে দুই দফা ডাকা সত্ত্বেও আদালতে হাজির হতে পারেননি পরীমনি। তার আইনজীবী জানান, যানজটে আটকে থাকার কারণে সময়মতো পৌঁছাতে পারেননি তিনি। এদিকে অন্য মামলাগুলোর শুনানি শেষ হয়ে যাওয়ায় আদালত সেদিনের কার্যক্রম গুটিয়ে নেয়, ফলে আসামিরাও চলে যান এবং জেরা অসম্পন্ন থেকে যায়। এ প্রেক্ষাপটে আদালত পরবর্তী জেরার তারিখ ধার্য করে আগামী ৩০ নভেম্বর।

মামলার তিন আসামির মধ্যে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি এদিন আদালতে হাজির হলেও অপর আসামি শহীদুল আলম উপস্থিত না হয়ে সময়ের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন। বর্তমানে তিন আসামিই জামিনে রয়েছেন।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার নানা কারণে পিছিয়েছে এই জেরা প্রক্রিয়া। গত ফেব্রুয়ারিতে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারজনিত অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমনি, এর আগের বছর সন্তানদের টিকা-পরবর্তী অসুস্থতার কারণে এবং তারও আগে আদালতে উপস্থিত থেকেও নিজে অসুস্থ হয়ে পড়ায় জেরা সম্পন্ন করা যায়নি।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৮ জুন রাতে ঢাকার অদূরে বিরুলিয়ার তুরাগ নদীর তীরে ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগ তুলে সাভার মডেল থানায় মামলা করেছিলেন পরীমনি। তদন্ত শেষে একই বছরের সেপ্টেম্বরে অভিযোগপত্র দাখিলের পর ২০২২ সালে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হয়। বর্তমানে মামলাটির বিচারকাজ রুদ্ধদ্বার কক্ষে (ক্যামেরা ট্রায়াল) পরিচালিত হচ্ছে এবং বাদী পরীমনির জেরার জন্য পরবর্তী তারিখ নির্ধারিত রয়েছে আগামী ৩০ নভেম্বর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ