দেবী দুর্গার রূপে ঐশ্বরিক আবহে পরীমনি
দেবী দুর্গার সাজে নজর কেড়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। লাল পাড়ের সাদা শাড়ি, মাথায় বিশাল মুকুট, গলায় ফুলের মালা ও শরীরজুড়ে গয়না পরে একেবারে দুর্গার আদলে ধরা দিয়েছেন তিনি। তাঁর হাতে ছিল পদ্মফুল। এই সাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে বিশেষ ফটোশুটের ভিডিওটি পোস্ট করেন পরীমনি। ভিডিওতে তাঁর সাজ ও অভিব্যক্তিতে ফুটে উঠেছে দুর্গাপূজার আবহ। মণ্ডপে প্রতিমার পাশে দাঁড়ালে তাঁকে আলাদা করে চেনা কঠিন হতো, এমন মন্তব্যও করছেন অনেকে।
ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’ তাঁর এই বার্তার সঙ্গে দুর্গার সাজ মিলিয়ে পোস্টটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
পরীমনির নতুন এই রূপে মুগ্ধ অনুসারীরাও। মন্তব্যের ঘরে কেউ তাঁকে ‘পুরো দুর্গা’ বলে অভিহিত করেছেন, কেউ লিখেছেন, ‘পরী সব সাজেই পরী।’ আবার একজন জানিয়েছেন, কয়েক দিন আগেই অভিনেত্রীকে দুর্গার সাজে দেখার কথা ভেবেছিলেন তিনি। পরীমনিকে এমন রূপে দেখে সেই প্রত্যাশা পূরণ হয়েছে বলেও মন্তব্য করেন ওই অনুসারী।
পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ঘিরে ব্যাপক সাড়া পড়ে। ওই সময়ের মধ্যে প্রতিক্রিয়া ৩৭ হাজার ছাড়িয়ে যায়, মন্তব্যের সংখ্যা পৌঁছায় প্রায় সাড়ে পাঁচ হাজারে। পাশাপাশি ভিডিওটির ভিউ প্রায় সাড়ে পাঁচ লাখে পৌঁছায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব পরিসংখ্যান সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।
এদিকে, অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ অভিনয় করছেন তিনি। এতে তাঁর সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। তবে এখনো এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
মতামত দিন